Logo

বিনোদন

পারিবারিক আবেগ ফিরিয়ে আনতে আসছে রাজের নতুন সিরিজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:০০

পারিবারিক আবেগ ফিরিয়ে আনতে আসছে রাজের নতুন সিরিজ

বাংলাদেশের ছোট পর্দায় এখন ‘পারিবারিক গল্প’ যেন বিরল হয়ে উঠেছে। কিন্তু সেই অভাব পূরণে আসছে জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক বন্ধন, সম্পর্ক, প্রেম-ভালোবাসা ও আবেগকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি খুব শিগগিরই প্রচার শুরু হবে চ্যানেল আই-তে।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরায় সিরিজটির শুটিং সেটে নির্মাতা ও অভিনয়শিল্পীরা জানান, কাজটি তারা করছেন ‘গ্লোবাল অডিয়েন্স’ মাথায় রেখে, যেন দেশীয় দর্শকদের পাশাপাশি বিদেশের দর্শকরাও সহজেই সংযুক্ত হতে পারেন।

নির্মাতা রাজ বলেন, ‘একটি পরিবারে যা যা ঘটে— সেই সম্পর্ক, টানাপোড়েন, ভালোবাসা, সংঘাত— সবকিছুই এতে তুলে ধরেছি। আমি বিশ্বাস করি, দর্শকরা নিজেদেরই গল্প খুঁজে পাবেন এতে। পাশাপাশি রোম্যান্স ও সাসপেন্সও থাকবে।’

রাজের জনপ্রিয় ধারাবাহিক ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ দর্শকের মনে বিশেষ স্থান দখল করেছিল। নতুন সিরিজটি নিয়েও তার প্রত্যাশা অনেক- ‘আমাদের দর্শক এখন কোরিয়ান, তুর্কি বা পাকিস্তানি সিরিজের প্রতি ঝুঁকে গেছে। কারণ, আমরা সিরিজ নির্মাণে বাজেট ও চরিত্রের যথাযথ ব্যবহার করতে পারি না। এবার সেই ঘাটতি পূরণের চেষ্টা করছি।’

অভিনয়ে থাকছেন মনিরা মিঠু, দীপা খন্দকার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, নাদের চৌধুরী, খায়রুল বাসারসহ আরও অনেকে।

মনিরা মিঠু বলেন, ‘যার পরিবার নেই, তার কিছুই নেই। এই সিরিজ আমাদের সেই ভুলে যাওয়া মূল্যবোধ মনে করিয়ে দেবে।’

অভিনেতা নাদের চৌধুরীর ভাষায়, ‘রাজ খুব ধীরস্থির নির্মাতা। এই কাজ দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে।’

অভিনেত্রী দীপা খন্দকার মনে করেন, ‘পর্দায় পরিবার-ভিত্তিক গল্প হারিয়ে গিয়েছিল। এই সিরিজ সেটাই ফিরিয়ে আনবে।’

সিরিজটিতে থাকবে তিনটি মৌলিক গান— টাইটেল ট্র্যাক গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, কথা লিখেছেন মাহমুদ মানজুর। অন্য দুটি গান করেছেন শাহরিয়ার মার্সেল ও প্রত্যয় খান; লেখায় লুৎফর হাসান ও সিয়াম সরকার। গানগুলো গল্পের আবেগের সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে।

সবমিলিয়ে, ‘এটা আমাদেরই গল্প’ হতে যাচ্ছে এমন একটি পারিবারিক সিরিজ, যা আবারও ছোট পর্দায় ফিরিয়ে আনবে বাংলা পরিবারের উষ্ণতা, সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসার মায়া। 


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন