Logo

বিনোদন

নায়িকাকে যৌন হয়রানির অভিযোগে পরিচালক গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

নায়িকাকে যৌন হয়রানির অভিযোগে পরিচালক গ্রেপ্তার

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। অভিনেত্রীকে যৌন হয়রানি, প্রতারণা ও ভয় দেখানোর অভিযোগে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা বিআই হেমন্ত কুমারকে। রাজাজিনগর থানার পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের স্বার্থে বর্তমানে হেমন্ত কুমারকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে এক উদীয়মান অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন হেমন্ত কুমার। তিনি অভিনেত্রীকে তার আসন্ন চলচ্চিত্র ‘থ্রি’-তে প্রধান চরিত্রের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সময় ৬০ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়।

অভিযোগ অনুযায়ী, চুক্তির পরপরই শুটিং শুরু হলেও হেমন্ত কুমার ইচ্ছাকৃতভাবে শুটিং বিলম্বিত করতে থাকেন এবং অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরা ও অশালীন দৃশ্য ধারণে বাধ্য করার চেষ্টা করেন। এতে অস্বীকৃতি জানালে তিনি অভিনেত্রীকে ভয় দেখানো এবং মানসিকভাবে হয়রানি শুরু করেন।

অভিনেত্রীর দাবি, ২০২৩ সালে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হেমন্ত কুমার তার পানীয়তে মদ মিশিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালান তিনি।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, হেমন্ত কুমার সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই সিনেমাটি সম্পাদনা করেন এবং অশালীন দৃশ্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এমনকি অভিনেত্রীর ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ করে মানহানির চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে অভিনেত্রী বেঙ্গালুরু সিটি সিভিল কোর্টে মামলা করলে আদালত ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু হেমন্ত সেই আদেশ অমান্য করে মানহানিকর পোস্ট অব্যাহত রাখেন, ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নারী শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন