রেড কার্পেটের গ্ল্যামার ছেড়ে ফরাসি সরলতায় নিকোল কিডম্যান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৭
প্যারিস ফ্যাশন উইক মানেই তারকাদের মেলা, ঝলমলে পোশাক আর গ্ল্যামারাস উপস্থিতি। এবার সেই মঞ্চে নজর কাড়লেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। বহুল প্রতীক্ষিত শ্যানেলের স্প্রিং ২০২৬ কালেকশন শো-তে তিনি হাজির হয়েছিলেন একদম নতুন লুকে— সরল, স্টাইলিশ ও পরিমিত আভিজাত্যে।
এই শো ছিল ফরাসি ফ্যাশন হাউজ শ্যানেল-এর নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর ম্যাথিউ ব্লাজির প্রথম কালেকশন। আর তাকে শুভেচ্ছা জানাতে সামনের সারিতে বসেছিলেন এক ঝাঁক তারকা— আয়ো এডেবিরি, মার্গট রবি, পেনেলোপ ক্রুজ, পেদ্রো পাস্কাল, জুলিয়া লুই-ড্রাইফাস ও নিকোল কিডম্যান। সবাই পরেছিলেন শ্যানেলের ক্লাসিক ডিজাইন।
দীর্ঘদিন ধরে শ্যানেলের ঘনিষ্ঠ মুখ নিকোল কিডম্যান। কার্ল ল্যাগারফেল্ডের আমলে তিনি ছিলেন ‘Chanel No. 5’ পারফিউমের মুখপাত্র। এবার তাকে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি — যেন নিজের ঘরে ফেরা।
ভোগ ম্যাগাজিন তার পুরো ‘গেটিং রেডি ফর দ্য শো’ প্রক্রিয়াটি ভিডিওতে ধারণ করেছে। প্যারিসের পেনিনসুলা হোটেলে প্রস্তুতি নিতে নিতে কিডম্যান বলেন, ‘আমি ম্যাথিউর জন্য ভীষণ খুশি। তার প্রথম শো, আর এটা তার জীবনের বড় মুহূর্ত। এই উদযাপনের অংশ হতে পারছি— এটাই আনন্দ।’
জেসন বোল্ডেন-এর স্টাইল করা কিডম্যানের পোশাক ছিল একেবারে সিম্পল— সাদা বাটন-আপ শার্ট, ওয়াইড-লেগ ক্যাশমির জিনস ও গাঢ় লাল শ্যানেল ব্যাগ। তার মতে, ‘ফরাসি স্টাইল মানে সহজে এলিগ্যান্ট থাকা— চটকদার অথচ স্বাভাবিক।’
তার সৌন্দর্য লুক সম্পূর্ণ করেন মেকআপ আর্টিস্ট গুচি ওয়েস্টম্যান ও হেয়ার স্টাইলিস্ট আদির অ্যাবারজেল— যারা তৈরি করেন একদম ‘নেচারাল, effortless’ সৌন্দর্য।
গ্ল্যামারাস রেড কার্পেট লুকের বদলে এই সরল অথচ আভিজাত্যপূর্ণ উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে, নিকোল কিডম্যানের জন্য শুরু হচ্ছে এক নতুন ফ্যাশন অধ্যায়। কিডম্যান বলেন ‘এটা যেন নিজের ঘরে ফেরার মতো অনুভূতি’। ‘ম্যাথিউ তার নিজস্ব ছোঁয়া আনছেন শ্যানেলে, আর আমি আনন্দিত যে আমি এই যাত্রার অংশ।’
সূত্র : ভোগ ম্যাগাজিন
ডিআর/এসএসকে

