প্রথমবার ডুয়েট গানে জিসু ও জেইন মালিক, কাঁপছে বিশ্ব সঙ্গীতাঙ্গন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:২১
বিশ্ব সঙ্গীতজগতে চলছে উত্তেজনার ঝড়! দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ তারকা ব্ল্যাকপিঙ্কের জিসু এবং ব্রিটিশ গায়ক জেইন মালিক একসঙ্গে হাজির হচ্ছেন এক নতুন গানে। গানটির নাম ‘Eyes Closed’, যা মুক্তি পাচ্ছে শুক্রবার, ১০ অক্টোবর।
এই গানটি জিসুর ক্যারিয়ারে এক অনন্য অধ্যায়— কারণ এটি তার প্রথম আন্তর্জাতিক ডুয়েট, যা ব্ল্যাকপিঙ্ক ও তার একক কাজের বাইরের প্রজেক্ট। অন্যদিকে, জেইন মালিকের জন্য এটি প্রথমবারের মতো কে-পপ দুনিয়ায় প্রবেশ।
দুজনেই ইনস্টাগ্রামে গানটির ঘোষণা দেন। পোস্টে একটি অডিও স্নিপেট ও কাভার আর্ট শেয়ার করে তারা লেখেন, ‘‘JISOO X ZAYN Digital Single ‘EYES CLOSED’.’’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়, আর বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছে ‘UnderWonder Content’— যারা এর আগে বিটিএস জাংকুকের ‘Standing Next to You’ এবং লেডি গাগার ‘Disease’ ভিডিও নির্মাণ করেছে- এমনটাই জানিয়েছে রোলিং স্টোন।
জিসু কিছুদিন ধরে রহস্যময় টিজার পোস্ট করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছিলেন। এক পোস্টে দেখা যায়, তার পেছনে ছায়াময় এক পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে, ফ্রেমে লেখা— ‘Eyes Closed’। ক্যাপশন ছিল, ‘A duet is near.’
পরের পোস্টে একই অবয়বকে দেখা যায় আরও কাছে, ক্যাপশন— ‘Two voices, one orbit. Coming soon.’
জুলাই থেকেই এই জুটির সহযোগিতার গুঞ্জন ছড়ায়, যখন জেইন মালিককে তার মেয়ে খাই-কে নিয়ে নিউইয়র্কে ব্ল্যাকপিঙ্কের কনসার্টে দেখা যায়। পরে তিনি ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে গ্রুপটিকে ধন্যবাদ জানান।
বর্তমানে দুজনই নিজ নিজ সলো প্রজেক্টে ব্যস্ত। জিসু কিছুদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন ব্ল্যাকপিঙ্কের ‘Deadline World Tour’ থেকে, আর জেইন মালিক প্রস্তুতি নিচ্ছেন ২০২৬ সালের জানুয়ারিতে লাস ভেগাসের ডলবি লাইভে তার রেসিডেন্সি কনসার্টের জন্য।
এছাড়া জেইন মালিক শিগগিরই তার সাবেক ‘One Direction’ ব্যান্ডমেট লুইস টমলিনসন-এর সঙ্গে একটি রোড ট্রিপ ডকুমেন্টারি সিরিজ নিয়ে আসছেন নেটফ্লিক্সে।
সঙ্গীতপ্রেমীদের জন্য শুক্রবারের দিনটি নিঃসন্দেহে বিশেষ হয়ে উঠবে— কারণ ‘Eyes Closed’ হয়তো হতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত গ্লোবাল ডুয়েট!
সূত্র : ডন
ডিআর/এসএসকে

