Logo

বিনোদন

মানসিক বিপর্যস্ততার ভেতরেই সুখবর দিলেন মিষ্টি জান্নাত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

মানসিক বিপর্যস্ততার ভেতরেই সুখবর দিলেন মিষ্টি জান্নাত

১১ বছর আগে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন আলোচিত এক মুখ— কখনো অভিনয় দিয়ে, কখনো ব্যক্তিগত জীবন কিংবা দুবাইয়ে ব্যবসা নিয়ে। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়, তাই প্রায়ই আলোচনায় আসেন এ অভিনেত্রী।

তবে এবার অন্য কারণে খবরের শিরোনামে মিষ্টি জান্নাত। নতুন এক সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা। স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘একটি নতুন সিনেমা করতে যাচ্ছি, নাম হচ্ছে ‘বিবর’।’

সিনেমাটি পরিচালনা করবেন সাইমন তারিক ও তার টিম। তবে ছবিতে মিষ্টির বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এতেই থেমে নেই মিষ্টির ঘোষণা। তিনি জানিয়েছেন, আরও তিনটি নতুন সিনেমার কাজ খুব শিগগিরই শুরু করবেন।

তবে নতুন সিনেমার খবরের মাঝেই কিছুটা আবেগঘন এক বাস্তবতা জড়িয়ে আছে মিষ্টির জীবনে। সম্প্রতি তিনি হারিয়েছেন তার প্রিয় বাবাকে। এই শোক তাকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তুলেছে। নিজেই বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত আমি। তাই গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করতে পারিনি।’

শোকের ভেতর থেকেও নতুন কাজে ফেরা, নতুন পরিকল্পনা আর নিজেকে সামলে নেওয়ার প্রচেষ্টা— সব মিলিয়ে মিষ্টি জান্নাতের এই ঘোষণা তার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন