চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু হয়েছে গণায়ন নাট্য উৎসব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:০২
অর্ধশতাব্দীর শিল্পযাত্রা উদযাপনে জমকালো আয়োজনে শুরু হয়েছে গণায়ন নাট্য উৎসব ২০২৫। গত ১০ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন গণায়ন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠালগ্নের ছয় সারথি— যাদের উপস্থিতিতে ভেসে উঠেছিল এক নস্টালজিক আবহ।
‘নাটকের শিল্পিত চেতনায় জীবন সত্য প্রকাশে প্রত্যয়ী আমরা’— এই স্লোগান নিয়ে ১৯৭৫ সালে যাত্রা শুরু করেছিল গণায়ন নাট্য সম্প্রদায়। সৃজন ও সংগ্রামের ৫০ বছরের এই পথচলায় দলটি নির্মাণ করেছে অসংখ্য নাটক, গড়ে তুলেছে বহু মঞ্চশিল্পী, নাট্যকার ও নির্দেশক।
উৎসব উপলক্ষে ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মঞ্চস্থ হবে মোট ছয়টি নাটক। এর মধ্যে রয়েছে—
‘জুলিয়াস সিজার’ (উইলিয়াম শেক্সপিয়ার রচনা, নির্দেশনা: অসীম দাশ, পরিবেশনা: গণায়ন নাট্য সম্প্রদায়)
‘আমার আমি’ (নির্দেশনা: অসীম দাশ, পরিবেশনা: নান্দীমুখ)
‘কমলা সুন্দরীর কিসসা’ (নির্দেশনা: বাপ্পা চৌধুরী, পরিবেশনা: গণায়ন নাট্য সম্প্রদায়)
‘তিনি আসছেন’ (নির্দেশনা: মামুনুল হক, পরিবেশনা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ)
‘বৃত্তের বাইরে’ (নির্দেশনা: কুন্তল বড়ুয়া, পরিবেশনা: কথাসুন্দর)
‘বাল্মীকি প্রতিভা’ (নির্দেশনা: তিলোত্তমা সেনগুপ্তা, পরিবেশনা: ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক)
প্রতিদিনের নাট্য প্রদর্শনের আগে মুক্তমঞ্চে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, গান, আবৃত্তি ও আলোকচিত্র প্রদর্শনী।
উদ্বোধনী দিনে দর্শকপূর্ণ মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘জুলিয়াস সিজার’। নাটকটির বিভিন্ন চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়সী স্রোতস্বিনী, লাব্রিচাই মারমা এবং বিশেষ করে নাম ভূমিকায় যীশু দাশের পারফরম্যান্স নজর কাড়ে দর্শকদের। শিল্পকলার কিছু কারিগরি সীমাবদ্ধতার কারণে সেট ও লাইটে কয়েক দফা ছন্দপতন দেখা গেলেও নাটকের গতি ও অভিনয়শৈলী দর্শকদের মুগ্ধ করে রাখে শেষ পর্যন্ত।
নাটক চলাকালীন সময়ে হঠাৎ শুরু হয় প্রবল বর্ষণ। নাটক শেষে দর্শকরা যখন বাইরে আসেন, তখন জেলা শিল্পকলা একাডেমীর পুরো আঙিনাই ছিল পানির নিচে। তবু এমন ভেজা সন্ধ্যাতেও দর্শকদের মুখে একটাই কথা— ‘পঞ্চাশ বছরে পা রাখা গণায়ন আজও মঞ্চে আগের মতোই প্রাণবন্ত।’
অর্ধ শতাব্দীর এই যাত্রা যেন আরও নতুন প্রজন্মের নাট্যচর্চায় অনুপ্রেরণা জোগায়— এমন প্রত্যাশায় চলছে গণায়ন নাট্য উৎসব ২০২৫।
ডিআর/এসএসকে

