সেনা অফিসারের সঙ্গে বাগদান, নতুন জীবনের পথে তানজীব সারোয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২২:০৩
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার-এর জীবনে এসেছে নতুন অধ্যায়। বাগদান সম্পন্ন করেছেন তিনি সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমান-এর সঙ্গে। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আংটি বদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১০ অক্টোবর)।
শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে তানজীব সারোয়ার বলেন, ‘হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে শুক্রবার। খুব সীমিত পরিসরে পারিবারিকভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ক্যান্টনমেন্ট এলাকায়।’
তানজীব জানান, এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। কারণ সাবা সানজিদার বিয়ের অনুমোদনের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সবাইকে এখনই জানাতে পারিনি। বিয়ের সময় জানাবো। আপাতত শুধু পরিবার আর খুব ঘনিষ্ঠরা বিষয়টি জানেন।’
কনে সম্পর্কে বলতে গিয়ে শিল্পী জানান, ‘আমাদের সম্পর্কটা বেশ ইন্টারেস্টিং— ও আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমন কমই দেখা গেছে! ও আর্মির লং কোর্স করেছে, বর্তমানে লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’
তানজীব আরও বলেন, তাদের পরিচয় হয়েছিল অনেক আগে থেকেই, ওর সঙ্গে আগে থেকেই কথা হতো। একসময় জানলাম, সে এমআইএসটিতে পড়ে। পরে জানতে পারলাম, সে আসলে আর্মিতে! আমি অবাক হয়েছিলাম। এখন ভাবতেই ভালো লাগছে।
জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ার তার হৃদয়স্পর্শী গান ও মেলোডিক ভঙ্গিমার জন্য তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তার জীবনের এই নতুন অধ্যায়ে সংগীতপাড়ায় এখন শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।
ডিআর/এসএসকে

