চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, ভাইরাল গোপন ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৫:৪২
হলিউডের বিশ্ববিখ্যাত গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন যেন এখন আর গুঞ্জন নেই— এটা একরকম ওপেন সিক্রেট! কয়েক মাস ধরেই তাদের একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এবার সেই গুঞ্জনে আরও আগুন ঢেলেছে নতুন কিছু ছবি— যেখানে দুজনকে দেখা গেছে সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ইয়টে রোমান্টিক সময় কাটাতে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো রঙের সুইমসুট পরে নিজের ইয়ট ‘কারাভেল’- এর ডেকে বসে আছেন। তার পাশে ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো— শার্টবিহীন, শুধু জিনস পরা অবস্থায়। এক ছবিতে দুজনকে গভীর চুম্বনে লিপ্ত হতে দেখা যায়।
অন্য কয়েকটি ছবিতে ট্রুডোকে দেখা গেছে পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক পর্যটকের ক্যামেরায় এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো ধরা পড়ে।
এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইল- কে বলেন, ‘তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। হঠাৎ করেই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।’
কেটি পেরি ও ট্রুডোর সম্পর্কের খবর প্রথম প্রকাশ পায় গত জুলাইয়ে, যখন তাদের মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। এরপর তারা একাধিকবার একসঙ্গে ঘুরতে বের হন এবং এমনকি ট্রুডোকে দেখা যায় পেরির লাইফটাইমস ট্যুরের কনসার্টে।
আগস্টে কিছু সূত্র জানায়, মিডিয়ার অতিরিক্ত মনোযোগে নাকি তাদের সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক এই ইয়ট-ভ্রমণের ছবিগুলো প্রমাণ করছে, তাদের প্রেম এখনো গরম খবরের শিরোনাম।
উল্লেখ্য, কেটি পেরি গত জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন। তাদের রয়েছে পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডাভ। অন্যদিকে ট্রুডো তার স্ত্রী সোফির কাছ থেকে ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।
এখনও পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। কিন্তু বিশ্বজুড়ে ভক্তরা বলছেন, ছবিগুলোই সব বলে দিচ্ছে, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না!
ডিআর/এসএসকে

