ছবি: সংগৃহীত
খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক সি বি জামান মারা গেছেন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সি এফ জামান।
গত ১৩ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বাথরুমে পড়ে যান সি বি জামান। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোগে ভুগছিলেন।
সি বি জামান ছিলেন ১৯৭০-৯০ এর দশকের অন্যতম প্রভাবশালী পরিচালক। তার কালজয়ী চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উজান ভাটি ’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘লাল গোলাপ’ ইত্যাদি। ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ছয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও প্রদর্শিত হয়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সি বি জামানের দাফন হবে সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে।
এফএটি

