এবার রোমান্টিক কমেডি নিয়ে এলেন গিয়াস উদ্দিন সেলিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:২৪
সিরিয়াস গল্প বলায় অভ্যস্ত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবার হাজির হচ্ছেন একদম নতুন মোড়কে। তার নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’ — একটি রোমান্টিক কমেডি ধাঁচের ফ্ল্যাশ ফিকশন, যা দেখা যাবে চরকিতে ২২ অক্টোবর রাত ১২টা (২৩ অক্টোবর) থেকে।
২০ অক্টোবর প্রকাশিত হয়েছে ট্রেলার, যা ইতোমধ্যে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ট্রেলারে দেখা যায়, এক দম্পতি আরেক দম্পতির বাসায় বেড়াতে আসে, আর সেখান থেকেই শুরু হয় নানা হাস্যরসাত্মক ঘটনা, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েন।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ বলে একটা ধারণা কাজ করে। কিন্তু সেই ‘পারফেক্ট’ ধারণাটা আসলে কতটা বাস্তব, সেটাই আমরা মজার ছলে প্রশ্ন করেছি এই গল্পে। দর্শকরা মজা পাবেন, ভাবতেও বাধ্য হবেন।’
‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘কাজলরেখা’ ও ‘গুণিন’–এর মতো চলচ্চিত্র নির্মাণের পর এবার তিনি কাজ করছেন কম দৈর্ঘ্যের ফরম্যাটে। কেন এই পরিবর্তন?
সেলিম বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব ধরনের কাজ করতে চাই। নতুন প্রজন্মের সঙ্গে কাজ করা মানে শেখারও সুযোগ।’
‘পারফেক্ট ওয়াইফ’–এ দুই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান, মীর রাব্বি ও জৌপারী লুসাই। এদের মধ্যে সুদীপ ছাড়া বাকিরা প্রথমবার সেলিমের নির্দেশনায় কাজ করেছেন।
সুদীপ বিশ্বাস দীপ বলেন, ‘গল্পে আমি আইনজীবী বাবার বখে যাওয়া ছেলে। আমার অনেক কিছু আছে, কিন্তু আমি কি পারফেক্ট? গল্পটা পারফেকশন নয়, বাস্তবতা আর সম্পর্কের মজার দিকগুলো তুলে ধরে। শেষে একটা চমক আছে, দর্শকরা সেটা পছন্দ করবেন।’
‘পারফেক্ট ওয়াইফ’–এর সিনেমাটোগ্রাফার, এডিটর ও মিউজিক ডিরেক্টর—তিনজনই তরুণ এবং এই প্রথম ফিকশনে কাজ করেছেন।
চরকির এই নতুন কনটেন্টে হাস্যরস, রোমান্স আর সম্পর্কের বাস্তব টানাপোড়েন মিলিয়ে দর্শকের জন্য আসছে এক নতুন স্বাদ— গিয়াস উদ্দিন সেলিমের চোখে ‘পারফেক্ট ওয়াইফ’।
ডিআর/এসএসকে

