Logo

বিনোদন

ভেনেজুয়েলার পরিস্থিতিতে পুরস্কার নিতে যেতে পারলেন না ডিক্যাপ্রিও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৮

ভেনেজুয়েলার পরিস্থিতিতে পুরস্কার নিতে যেতে পারলেন না ডিক্যাপ্রিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে কয়েকটি অঞ্চলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ভ্রমণ পরিকল্পনাতেও।

আকাশসীমা সীমিত হওয়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন ডিক্যাপ্রিও। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে গতকাল রাতে উপস্থিত থাকতে পারেননি তিনি। উৎসবে তার অভিনীত চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য তার হাতে ওঠার কথা ছিল ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সংঘাত-পরবর্তী এলাকাভিত্তিক বিমান নিষেধাজ্ঞার কারণেই সেন্ট বার্থেলেমি ছাড়তে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগমুহূর্তে তাকে সেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। সেই তালিকায় ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সঙ্গী লরেন স্যানচেজও।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র জানান, ‘অপ্রত্যাশিত ভ্রমণ জটিলতা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে চলচ্চিত্রে তার অসামান্য অবদান ও কাজকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনয় করেছেন একজন সাবেক বিপ্লবীর চরিত্রে, যাকে নিজের কন্যাকে উদ্ধারের জন্য আবার বিপজ্জনক অতীত জীবনে ফিরে যেতে হয়।

এদিকে উৎসবে উপস্থিত থাকতে না পারলেও ছবিটি সুখবর পেয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সেরা ছবির সম্মান জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত এই চলচ্চিত্রটি মোট চারটি পুরস্কার অর্জন করে, যার মধ্যে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন পল থমাস অ্যান্ডারসন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন