ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘লায়ন’। প্রযোজক শ্যামসুন্দর দে জানিয়েছেন, প্রথম চিত্রনাট্যের খসড়া প্রস্তুত হয়ে গেছে ও দ্বিতীয় চিত্রনাট্য লেখা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। নতুন বছরে শুটিংয়ের লোকেশন দেখতে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যাবেন সিনেমার দল।
এদিকে, সিনেমার নায়ক জিৎ বর্তমানে সপরিবারে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বছর শেষের ছুটির আমেজ উপভোগ করতে টালিউডের বেশ কিছু সেলিব্রিটি যেমন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারও পরিবার নিয়ে বেড়াতে গিয়েছেন। দুবাইয়ে ছেলের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত জিৎ।
তবে ছুটির মাঝেও জিৎ-এর মন পরবর্তী সিনেমার দিকে। পরিচালক রায়হান রাফী একটু আলাদাভাবে জিৎকে পর্দায় তুলে ধরতে চান। আর সে কারণের তিনি বিশেষভাবে জিৎ-এর জন্য চুল বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তবে তার ওজন নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
দুবাই থেকে ফিরে পরিচালক রায়হান রাফীর সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করবেন জিৎ। জানা গেছে, তিনি ছবিটি নিয়ে অত্যন্ত উৎসাহিত সেই সাথে ২০২৫ সালকে পুরোপুরি ‘লায়ন’ সিনেমার জন্য নাকি উৎসর্গ করেছেন জিৎ। যার ফলে তার প্রযোজনা সংস্থার নতুন কোনো সিনেমার ঘোষণা আপাতত করা হয়নি।
এফএটি

