নতুন বছর উদ্যাপন নয়, প্রাণী হত্যা বন্ধের আহ্বান জয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬
ছবি: সংগৃহীত
প্রতি বছরের শেষের দিন আতশবাজি, ফানুস ও অন্যান্য শব্দদূষণের ফলে বহু প্রাণীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আর তা নিয়ে এবার সরব হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে নতুন বছরের উদ্যাপন নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
জয়া আহসান তার ফেসবুক পোস্টে জানান, ‘মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা ৩১ ডিসেম্বরের রাতটি জানে না। তাদের জন্য এই রাতটি অন্য যেকোনো রাতের মতোই। কিন্তু মানুষের তৈরি বিকট শব্দ, আতশবাজির আওয়াজ এবং আকাশে উড়তে থাকা ফানুসের কারণে তাদের শান্তি ভেঙে যায়। পাখিরা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়, কিন্তু আকাশও আর তাদের নিরাপদ রাখে না।’
অভিনেত্রী আরও লেখেন, ‘এই শহরের নাগরিকরা হয়তো পাখির মৃত্যুকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু প্রতিটি প্রাণীরই সমান গুরুত্ব রয়েছে। পাখির মৃত্যুর সঙ্গে তাদের কষ্টজনক মৃত্যুর কারণও কেউ জানে না। তেমনিভাবে, অন্যান্য প্রাণী যেমন কুকুর, বিড়াল, মুরগি ও ছোট প্রাণীও এই সময় আতঙ্কিত হয়ে পড়ে।’
২০২২ সালের জানুয়ারিতে শিশু উমায়েরের মৃত্যুর ঘটনা উল্লেখ করে জয়া বলেন, ‘যখন মানুষ আতশবাজি ফুটাচ্ছিল, তখন এক ছোট শিশু মৃত্যুর সাথে লড়ছিল। শিশুটির মৃত্যুর দায় কি নগরবাসী নেবে না? নতুন বছর উদ্যাপনের নামে যদি এই তাণ্ডব অব্যাহত থাকে, তবে সেই দায় আপনিও বহন করবেন।’
জয়া আহসান তার পোস্টে আরো বলেন, ‘এ বছরও হয়তো অনেকেই আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করবেন, কিন্তু মনে রাখবেন, এসবের কারণে প্রাণী হত্যার দায় আপনারও।’
দেশের অনেক সচেতন নাগরিকের পাশাপাশি এই পোস্টের মাধ্যমে জয়া আহসানও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছেন এবং নতুন বছরের উদ্যাপনের পাশাপাশি প্রাণী হত্যা বন্ধের জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।
এফএটি

