ঢাকাই সিনেমার জনপ্রিয় দম্পতি শাবনাজ ও নাইমের পরিবারে এখন খুশির হাওয়া। তাদের জ্যেষ্ঠ কন্যা মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পারিবারিক আয়োজনে। গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
মাহাদিয়ার জীবনসঙ্গী ইহসান মনসুর চৌধুরী। তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। জানা গেছে, দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
শিক্ষাজীবনে মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আগেই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মেয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা নাইম। তিনি লেখেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত কামনা করছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকত দান করেন।’
মেয়েকে বিদায় দেওয়ার অনুভূতি প্রসঙ্গে নাইম বলেন, পড়াশোনার কারণে আগেও মেয়েকে দেশের বাইরে পাঠাতে হয়েছে, তবে এবার অনুভূতিটা আলাদা। মন খারাপ হলেও তিনি স্বস্তি পাচ্ছেন, ভালো একটি পরিবারে মেয়ের জীবন শুরু হয়েছে ভেবে।
এদিকে শাবনাজও জামাতা ও তার পরিবারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, আল্লাহর রহমতে মেয়ের জন্য একজন ভালো মানুষ এবং সুন্দর একটি পরিবার পেয়েছেন, যা তাদের জন্য বড় প্রাপ্তি।
এসএসকে/

