ভুয়া ফেসবুক আইডি নিয়ে ক্ষুব্ধ মৌ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা আগেও দেখা গেছে। এবার সেই সমস্যার মুখে পড়েছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মৌ জানান, এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি প্রকাশ করা এমনকি তার পরিচিতদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে, যা তাকে চরম বিব্রত করছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট করে বলেন, ফেসবুকে তার একটিমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো আইডি বা ফ্যান পেজ নেই।
একই সঙ্গে তিনি জানান, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই। তার নাম ও ছবি ব্যবহার করে যে সব অ্যাকাউন্ট চালানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।
এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মৌ বলেন, তার অনুমতি ছাড়া ছবি বা লেখা ব্যবহার করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। যারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে যুক্ত, তাদের এখনই এসব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান তিনি।
ভক্ত ও পরিচিতদের উদ্দেশে সতর্কবার্তায় মৌ অনুরোধ করেন, ভুয়া অ্যাকাউন্টে বিভ্রান্ত না হতে। তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এসএসকে/

