রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় পক্ষের কোনো হাত নেই : পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫১
রাজ-পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তা নিয়ে নেটিজেনদের কৌতূহল ছিল ব্যাপক। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পরীমণি নিজেই।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন পরীমণি। তিনি স্পষ্ট করেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে আমাদের বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সে (রাজ) জানে না। আর কারো চেষ্টাকে সমর্থন করতে হয়, সেটাও জানে না।”
বিনোদন জগতে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও উল্লেখ করেন পরীমণি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা সম্পূর্ণ ভুল।”
রাজের প্রতি নিজের প্রত্যাশাও তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজেই উপলব্ধি করুক।”
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেতা শরিফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের তথ্যও জানান। পরীমণি নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন এবং সন্তানের বাবা শরিফুল রাজ। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় তাদের পুত্র সন্তানের।
এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলেও একাধিকবার তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশিত হলে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। এরপর সংসারে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছাড়েন।
পরবর্তীতে আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সংবাদমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে।
প্রসঙ্গত, বিচ্ছেদ হলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এই দুই তারকা। পরীমণিকে ‘ফেলুবক্সী’ চলচ্চিত্রে কলকাতার সিনেমায় দেখা গেছে। এছাড়া তিনি চুক্তিবদ্ধ হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে। চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ নামের দুটি সিনেমা।
শরিফুল রাজকে বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। এছাড়া তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ সিনেমায়।
এএস/

