ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তারকা দম্পতি। ২০২১ সালের অক্টোবরে মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। পরের বছরই ১০ আগস্ট পুণ্যের আগমনে আলোকিত হয় তাদের পরিবার।
তবে, ২০২৩ সালেই তাদের সম্পর্কের ভাঙন ঘটে, এরপর পুণ্যকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন পরীমণি।
বিচ্ছেদের পরপরই পরী অভিযোগ করেছিলেন, রাজ কখনোই বাবা হিসেবে সন্তানের দায়িত্ব পালন করেননি। এমনকি বিশেষ দিনগুলোতেও তিনি ছেলের পাশে ছিলেন না। পরীর এই আক্ষেপ ও ক্ষোভ বিভিন্ন সাক্ষাৎকারে শোনা গেছে।
কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বাবা শরিফুল রাজের সঙ্গে গাড়ির স্টিয়ারিংয়ে মজা করছে পুণ্য। বাবা-সন্তানের এই খুনসুটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই মনে করছেন, হয়তো পিতৃত্বের দায়িত্বে ফিরে আসছেন রাজ।
এই মুহূর্তে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে ভক্তরা কৌতূহলী হয়ে অপেক্ষা করছেন, রাজ-পরী সম্পর্কের পরবর্তী অধ্যায়ের জন্য।
এফএটি

