Logo

বিনোদন

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ, নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ, নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন, যা পরে আত্মসাৎ করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে এ অর্থ নেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত গায়ক নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলায় অন্য আসামিদের অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

তিনি আরও জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার ধার্য দিনে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গায়ক নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে বক্তব্য জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহকারী অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরবর্তীতে জানানো হয়, নোবেল রিহার্সেলে ব্যস্ত থাকায় সাক্ষাৎকারের জন্য আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর