অনন্যা পান্ডের প্রিয় জায়গা শাহরুখ খানের মান্নাত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৪
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এ আয়োজিত অনুষ্ঠানের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন। সুহানা খান ও আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অনন্যা প্রায়ই তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
মান্নাতে'র আয়োজন নিয়ে তিনি বলেন, ‘সেরা আয়োজন হল সেসব যা মান্নাতে শেষ হয়।‘মণীশ মালহোত্রার দিওয়ালি অনুষ্ঠানের উদাহরণ দিয়ে অনন্যা বলেন, দিওয়ালি অনুষ্ঠান শেষে তারা সবাই মান্নাতে ফিরে গিয়েছিলেন, যেখানে বার্গার খেতে খেতে রাতের আড্ডা চলেছে।
অনন্যা আরও বলেন, শাহরুখ খানকে তিনি নিজের একজন আদর্শ মনে করেন। তার মতে, শাহরুখ এমন একজন মানুষ যিনি আশেপাশের সবাইকে আপন করে নেন। অনন্যা নিজেও শাহরুখের মতো হতে চান বলেও জানান।
অনন্যা পান্ডে ও সুহানা খান ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের রসায়ন প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখা যায়। তারা সবসময়ই একে অপরের কাজ ও স্টাইলের প্রশংসায় মেতে থাকেন।
শিগগিরই ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় দেখা দেবেন অনন্যা পান্ডে। বিবেক সোনি পরিচালিত ও করণ জোহর প্রযোজিত এই সিনেমায় অনন্যার বিপরীতে থাকবেন ‘কিল’ সিনেমার নায়ক লক্ষ্য। ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। ইতিমধ্যে করণ জোহর তার ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা দিয়েছেন উন্মাদনা-ভরা একটি প্রেমের গল্প নিয়ে বানানো হচ্ছে সিনেমাটি।
এফএটি

