Logo

বিনোদন

পলাশের ঘরে এলো দ্বিতীয় সন্তান, এবার তিনি কন্যার বাবা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪

পলাশের ঘরে এলো দ্বিতীয় সন্তান, এবার তিনি কন্যার বাবা

দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা একটি সুস্থ ও ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের হাওয়া।

হাসপাতাল থেকে পলাশ জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। বর্তমানে সবাই হাসপাতালে রয়েছেন। ছেলে ও মেয়ের জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অভিনেতা।

টেলিভিশন দর্শকদের কাছে পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবার বাবা হন তিনি। তাদের প্রথম সন্তানের নাম মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো কন্যাসন্তানের নতুন হাসি।

ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজের মাধ্যমে মিডিয়াজগতে পথচলা শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘ সময় তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।

পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠা পলাশ ব্যাচেলর পয়েন্টের সাফল্যের পর নতুন উচ্চতায় পৌঁছান। অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেতা ও নির্মাতা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর