সুবীর নন্দী/ ফাইল ছবি
২০২০ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংগীতশিল্পী সুবীর নন্দী। মৃত্যুর অর্ধযুগ পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠে গাওয়া কিছু গান এখনো প্রকাশ পায়নি। মৃত্যুর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর ও সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে শিল্পীর গানগুলো প্রকাশ করা হচ্ছে।
এরই মধ্যে এই সিরিজের বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে। এবার প্রকাশ পাচ্ছে নতুন আরেকটি গান—‘আমার আয়ু নিয়ে বাঁচো’। গানটি লিখেছেন জাহিদ আকবর।
স্যাড–রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ নামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশতাধিক আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, সুবীর নন্দীর সঙ্গে করা এই গানগুলোর প্রকল্প তাঁর জীবনের অমূল্য স্মৃতির মতো। তাঁর ভাষায়, গানগুলো তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাকুয়াস্টিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার রয়েছে। ‘আমার আয়ু নিয়ে বাঁচো’ গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। তিনি বলেন, গানটির কথাও অসাধারণ। রিলস ও টিকটকের এই যুগেও এখনো এমন শ্রোতা আছেন, যাঁরা মেলোডিতে ডুবে থাকতে চান। এই গানটি তাঁদের জন্য।
গীতিকবি জাহিদ আকবর বলেন, তানভীর তারেকের সুরে কাজ করতে তিনি সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি জানান, এই গানটি যে সুবীর নন্দীর কণ্ঠে ধারণ করা হয়েছিল, তা তিনি আগে জানতেন না। তাঁর ধারণা ছিল, গানটি আর রেকর্ড হয়নি। এত দিন পর সুবীর নন্দীর কণ্ঠে নিজের লেখা গানটি শুনে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান। তাঁর বিশ্বাস, শ্রোতারাও বারবার এই গানের মুগ্ধতায় ফিরবেন।
প্রথমে গানটির একটি লিরিক ভিডিও প্রকাশ করা হবে। পরে আলাদা করে দৃশ্যধারণ করে থিমনির্ভর একটি মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। গানটির রেকর্ডিং হয়েছে ঢাকার কোলাহল স্টুডিও ও কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। এর মিক্স ও মাস্টারিংয়ের কাজ করা হয়েছে যুক্তরাষ্ট্রের লাসভেগাসের টিএফপি স্টুডিওতে।

