আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হচ্ছে নীলাঞ্জনা ও যিশু সেনগুপ্তের!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬
প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী জুটি নীলাঞ্জনা শর্মা ও যিশু সেনগুপ্ত এখন আলাদা হয়েছেন। সামাজিক মাধ্যমে নীলাঞ্জনা শর্মা একটি ইঙ্গিতবহ পোস্ট করে এই সম্পর্কের শেষের কথা জানিয়েছেন।
নীলাঞ্জনার পোস্টে লেখা, ‘কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এ কারণে যে সেটার আর আমাদের নতুন কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় শেষ হলেও আমি কেবল কৃতজ্ঞ অনুভব করছি।’
তিনি আরও লেখেন, ‘আমি যখন নিজেকে চিনতাম না, তখন যারা আমাকে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, স্বাধীনতা দিয়েছে এবং আত্মসম্মান জাগিয়েছে তাদের জন্য আমি কৃতজ্ঞ।’
প্রাক্তন অভিনেত্রী পোস্টে উল্লেখ করেন, ‘যা আজ শেষ হলো তা আমাকে ভেতর থেকে শূন্য করে দেয়নি। বরং স্বচ্ছতা, সাহস এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগিয়েছে। এটা এমন একটি শেষ যা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করেছি।’
গত বছরের পর থেকেই নীরবভাবে শোনা যাচ্ছিল যে নীলাঞ্জনা ও যিশুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তাদের মেয়েরাও এখন নীলাঞ্জনার পাশে থাকছেন। সম্পর্কের দূরত্বের পেছনে অভিনেতার এক আপ্তসহায়কের নামও গুঞ্জন হিসেবে প্রকাশ পেয়েছিল।
এই পোস্টের পর বরখা বিস্ত সেনগুপ্ত মন্তব্য করেছেন, ‘তোমায় সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি। ঈশ্বর তোমায় শক্তি দিন।’
যিশু সেনগুপ্ত শেষবার দর্শকের সামনে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। নীলাঞ্জনা শর্মা তার প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিস মাম্মা’র ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন।
এই পোস্টের মাধ্যমে নীলাঞ্জনা স্পষ্ট করেছেন, সম্পর্কের সমাপ্তি হলেও তার কৃতজ্ঞতা, স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস অটুট রয়েছে।
এসএসকে/

