সাবিলার নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১
অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে তার নামে একটি বক্তব্য প্রকাশ করা হলেও বাস্তবে এমন কোনো মন্তব্য তিনি করেননি।
বিষয়টি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সবাইকে সতর্ক করেছেন সাবিলা নূর। তিনি লিখেছেন, তাকে ঘিরে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এ বিষয়ে স্পষ্ট করে জানাতে চান— তিনি যদি কখনো কোনো বিষয়ে বক্তব্য দেন, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।
এ প্রসঙ্গে সাবিলা নূর আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা মোটেও কাম্য নয়। ভালোবাসা বা আবেগ থেকে অনেকেই এসব কনটেন্ট তৈরি করলেও সেগুলো শেষ পর্যন্ত বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।
ভক্ত ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন, তার দর্শকরা বরাবরই সচেতন ছিলেন। ভবিষ্যতেও তারা এ বিষয়ে সচেতন থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার এবং এসব ভুয়া কনটেন্ট প্রচার না করার অনুরোধ জানান সাবিলা নূর।
এসএসকে/

