নৌকার মনোনয়ন কিনেছিলেন, এবার ধানের শীষে ভোট চাইছেন ‘ম্যাডাম ফুলি’ শিমলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭
ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরব হয়েছেন চলচ্চিত্রনায়িকা শিমলা। গত বছর নৌকার মনোনয়ন কেনার পর এবার তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন। শিমলার সঙ্গে উপস্থিত ছিলেন একঝাঁক শিল্পী, যারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার উদ্দেশ্যে একঝাঁক শিল্পী মাঠে নামেন। শিমলার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।
প্রচারণাকালে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিমলা বলেন, ‘আমি শিমলা। ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
তবে এবারের নির্বাচনী প্রচারণায় শিমলাকে ধানের শীষের পক্ষে দেখা যাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।
মনোনয়ন কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে শিমলা নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর শোনাতে পারে, তবুও বলছি—এটা সত্যি। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। কিছুদিন আগে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয়েছিল, সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে এবং তিনি আমাকে মনোনয়ন দেবেন।’
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দর্শকমহলে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেন এই অভিনেত্রী।
এএস/

