লাইফ সাপোর্ট থেকে বাসায় ফেরা অভিনেতা তিনু করিম মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০
অভিনেতা তিনু করিম। ছবি : ফেসবুক থেকে নেওয়া
ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর স্ত্রী হুমায়রা নওশিন বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল; দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।’
অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
আইসিইউ থেকে লাইফ সাপোর্ট, সব আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা, সেখান থেকেই ফিরে এসেছিলেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফিরেছিলেন। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক।
গত বছরের ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়। কিন্তু এরপর রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, পরে ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর তিনু করিমকে আইসিইউতে রাখা হয়। সেখান থেকে গত ৩১ ডিসেম্বর তাঁকে কেবিনে দেওয়া হয়। সেখান থেকে বাসায় ফেরেন অভিনেতা।
দুই যুগ ধরে অভিনয়ে ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।

