Logo

বিনোদন

নির্বাচনের উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০

নির্বাচনের উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ সময় নিজের জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোট প্রদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভোটের পর তিনি গণমাধ্যমের কাছে ভোটদানের আনন্দ ও উত্তেজনার কথা জানান।

প্রভা বলেন, ‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।’

তিনি আরও জানান, ব্যস্ত পেশাজীবনের মাঝেও একজন সচেতন নাগরিক হিসেবে দেশের জন্য নিজের ভোট প্রদান করাই তার মূল উদ্দেশ্য। প্রভা বলেন, ‘অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ।’

শৈশবের স্মৃতিচারণ করে প্রভা বলেন, তিনি ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বড় হয়েছেন। সকালটা কোরআন শিক্ষা, স্কুলে পড়াশোনা, বিকেলে গান ও ছবি আঁকা— সব মিলিয়ে একটি সমন্বিত পরিবেশে বেড়ে ওঠার কথা উল্লেখ করেন তিনি। তিনি হামদ-নাত ও দেশাত্মবোধক গানে পুরস্কার পাওয়ার কথাও স্মরণ করেন।

ভোটের মাধ্যমে দেশের সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রত্যাশার কথাও জানান প্রভা। তিনি বলেন, ‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ— সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেটাও চাই।’

প্রভা ভোটের দিনটিকে নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন এক সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাদিয়া জাহান প্রভা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর