‘আজও নতুন করে শুরু করলে তোমাকেই বেছে নিতাম’ আদনানকে মেহজাবীনের বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৪
একসঙ্গে টানা ১৪ বছরের পথচলা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের। পরিচয়, বন্ধুত্ব, প্রেম, লুকোচুরি আর বর্ণাঢ্য বিয়ে পেরিয়ে সংসার জীবনেরও এক বছর পার করলেন এই তারকা দম্পতি। তবুও ভালোবাসার প্রকাশে যেন নতুনত্বের কমতি নেই।
ভালোবাসা দিবস উপলক্ষে যুগল ছবি প্রকাশ করে মেহজাবীন জানিয়ে দিয়েছেন, আজও নতুন করে শুরু করার সুযোগ এলে তিনি আদনানকেই বেছে নিতেন। তার ভাষায়, একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করা— ১৪ বছরের সম্পর্কের ভেতরেই রয়েছে তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি।
অভিনেত্রী আরও লেখেন, এক বছর হলো তাদের সংসার জীবন শুরু হয়েছে, তবে অনুভূতি এখনো প্রথম দিনের মতোই। এই আবেগঘন বার্তায় ভক্ত-অনুরাগীরাও মুগ্ধতা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে মেহজাবীনের। এরপর নাটকের জগতে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হন। দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এসএসকে/

