Logo

বিনোদন

সংগীত নিয়ে নতুন ভাবনায় নতুন বছরে মেসবাহ আহমেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

সংগীত নিয়ে নতুন ভাবনায় নতুন বছরে মেসবাহ আহমেদ

মেসবাহ আহমেদ

সাস্ত্রীয় ও উপসাস্ত্রীয় সংগীতের কঠিন ধারায় ছোটবেলা থেকেই চর্চা করছেন মেসবাহ আহমেদ। দীর্ঘ অনুশীলন ও তপস্যায় গজল এবং বাংলা মেলোডিয়াস গানের শ্রোতাদের কাছে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। ‘আবার দেখা হলে’ খ্যাত এই শিল্পী নতুন বছর ২০২৬–এর শুরুতেই শ্রোতাদের জন্য প্রকাশ করেছেন দুটি গান— ‘দেবদাস’ ও ‘বড় খুনি’। গান দুটির সুর করেছেন তিনি নিজেই। কথা লিখেছেন আহসান কবির এবং সংগীত আয়োজন করেছেন মানাম আহমেদ।

মূল পেশা ব্যবসা হলেও সংগীতকে ঘিরে রয়েছে তার বড় পরিকল্পনা। সময়ের সঙ্গে নিজেকে আধুনিক করে তুলতে দেশ ও বিদেশের বরেণ্য সংগীত পরিচালক ও যন্ত্রশিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। সংগীতজীবনে তিনি সরাসরি তালিম নিয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওস্তাদ মাসকুর আলী খাঁন এবং গজল কিং খ্যাত জগজিৎ সিংয়ের কাছে।

মেসবাহ আহমেদের বাজারে চারটি মৌলিক বাংলা গানের অ্যালবাম রয়েছে। এগুলোর কথা ও সুর তার নিজের। পাশাপাশি রয়েছে একটি উর্দু গজলের অ্যালবাম, যার সম্পূর্ণ কাজ জগজিৎ সিংয়ের তত্ত্বাবধানে বম্বেতে সম্পন্ন হয়।

বেশি শো বা অ্যালবাম প্রকাশের চেয়ে প্রকৃত সংগীত শেখাকেই তিনি বেশি গুরুত্ব দেন। নতুন বছরকে নিজের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই শিল্পী। এর ধারাবাহিকতায় তিনি ওস্তাদ সালামত আলী খানের বংশধর ওস্তাদ রাফাকাত আলী খানের কাছে তালিম নিতে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি তার কাছে অনলাইনে তালিম নিচ্ছেন।

ভ্যালেন্টাইন ডে’তে প্রকাশ হয়েছে তার নিজের লেখা ও সুর করা গান ‘রংধনু মেয়ে’। এছাড়া ‘আয় তাকে নিয়ে যাই’ শিরোনামের আরও একটি গান প্রকাশের অপেক্ষায় আছে।

বাংলাদেশের গজলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই তার লক্ষ্য। ভারতের স্বনামধন্য কয়েকটি চ্যানেলে তার লাইভ পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বম্বেতে ‘খাজানা’ খ্যাত আন্তর্জাতিক গজল সম্মেলনে আমন্ত্রিত হয়ে পারফর্ম করা একমাত্র বাংলাদেশি গজল শিল্পী তিনি। সেখানে উপস্থিত ছিলেন অনুপ জলটা, পংকজ উদাস, হরি হরন ও অনুরাধা পাড়োয়ালসহ বিশ্বসেরা গায়ক–গায়িকারা।

চলতি বছরেও ইউরোপে তার একাধিক পারফরম্যান্সের পরিকল্পনা রয়েছে। মেসবাহ আহমেদ মনে করেন, শিল্পচর্চা শুধু আয়ের মাধ্যম নয়; এটি জীবনদর্শন এবং নিজেকে সমৃদ্ধ করার পথ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর