শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
ফাইল ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, বর্তমানে শুধু পাস করাই যথেষ্ট নয়; টিকটক বা বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় না করে পড়াশোনায় সময় দেওয়া জরুরি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “শিক্ষার্থীরা, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করেছ, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”
পোস্টের সঙ্গে তিনি সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একটি ছবি যুক্ত করেন। সেখানে নিজের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরে ইরফান লেখেন, “আমাদের সময়ে পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। সেই সময়ে এই ভদ্রলোক (এহছানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সাত শতাধিক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্য ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। তাহের রাব্বী লিখেছেন, “আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।” শোয়েব তাহসিন মন্তব্য করেন, “এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।” রেহনুমা লেখেন, “সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”
ছোটপর্দার এই তারকার বক্তব্য একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে ভক্তদের মধ্যে বিষয়টি ঘিরে হাস্যরসও তৈরি হয়েছে। তাঁর এই পোস্টে শিক্ষার গুরুত্ব ও বর্তমান সময়ের পরীক্ষা-পাসের চ্যালেঞ্জ—দুটো বিষয়ই উঠে এসেছে।

