কাজী মারুফের সঙ্গে ইতিহাস ছবির গানে নেচেছেন জায়েদ খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭
জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট’ এর নতুন পর্বে অতিথি হিসেবে আসছেন চিত্রনায়ক কাজী মারুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জায়েদ খান। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় পর্বটি প্রচারিত হবে।
আসন্ন এই পর্বে দুই তারকার মধ্যে জমেছে দারুণ খুনসুটি আর আড্ডা। ক্যারিয়ারের নানা স্মৃতি, চলচ্চিত্রের গল্পের পাশাপাশি তারা চেষ্টা করেছেন জনপ্রিয় ‘ইতিহাস’ ছবির কিছু সংলাপ বলারও। শুধু সংলাপই নয়, একসঙ্গে ‘ইতিহাস’ গানের সঙ্গে পারফর্মও করেছেন এই দুই নায়ক।
বাংলাদেশের খবরকে জায়েদ খান বলেন, ‘ফ্রাইডে নাইটে আমার উপস্থাপনা দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে। এর আগে অনেক তারকা আমার শো’তে উপস্থিত হয়েছিলেন। তারা যেমন এনজয় করেছেন তেমনি আমিও এনজয় করেছি। সেই ধারাবাহিকতায় এবার আমার শো তে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। আমরা এই শোতে একসঙ্গে নানা গল্প করেছি। মজার ব্যাপার হচ্ছে আমরা একসঙ্গে কাজী মারুফের মাইলফলক চলচ্চিত্র ‘ইতিহাস’ এর সংলাপ বলার পাশাপাশি ইতিহাস ছবির গানের সঙ্গেও পারফর্ম করেছি। আমাদের পারফর্ম্যান্স সবার ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো পর্বটি সাজানো হয়েছে প্রাণবন্ত ও বিনোদনধর্মী আঙ্গিকে। দুই নায়কের রসায়ন আর মজার মুহূর্ত দর্শকদের ভালো লাগবে বলেই প্রত্যাশা তাদের। শুধু তাই নয়, চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক পর্ব— এমনটাই মনে করছেন আয়োজকেরা।
এসএসকে/

