পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা খিজির হায়াত খানের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫
২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিকে কেন্দ্র করে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা খিজির হায়াত খান। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ছবিটির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই নির্মাতা। পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার সময়ই তার সিনেমার স্ক্রিপ্ট লেখা শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি নির্মাণ শেষে দর্শকদের সামনে উপস্থাপনে কোনো বাধার মুখে পড়তে হবে না। একই সঙ্গে তিনি বলেন, নিহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা থেকেই এই কাজটি করছেন এবং তাদের ওপর হওয়া নির্যাতনের বিষয়গুলো শিল্পের মাধ্যমে তুলে ধরতে চান।
তবে ছবিটির অভিনয়শিল্পীসহ বিস্তারিত কোনো তথ্য এখনো জানাননি তিনি।
এর আগে ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’-এর মতো দেশাত্মবোধক চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন খিজির হায়াত খান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর একদল সদস্যের বিদ্রোহের ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এসএসকে/

