মাইনুল আহসান নোবেল/ ছবি- সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে, গত বছর ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।
মামলার তথ্যানুযায়ী, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে নোবেলের সঙ্গে রোজের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে মেয়েটি নোবেলের ডেমরার বাসায় গেলে কণ্ঠশিল্পী তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
ভুক্তভোগী সম্মতি না দিলে নোবেল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর আদালত থেকে জামিন পান নোবেল।

