দীর্ঘ ৭ মাসের বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নভেম্বরে সেখানে প্রথম সন্তানের বাবা হন তিনি। সামাজিক মাধ্যমে কন্যাসন্তানের জন্মের খবর নিজেই জানান নিলয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুই দিন বিশ্রাম নিয়ে গত রোববার থেকেই নতুন একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শুটিং।
পরিচালক জানান, এটি একটি কমেডি ধাঁচের গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি সামাজিক বার্তাও থাকবে। আসন্ন ঈদকে সামনে রেখে দর্শকের পছন্দের কথা বিবেচনায় নিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে।
এই নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা। খুব বেশি নাটকে একসঙ্গে দেখা না গেলেও এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন তারা।
এদিকে এই নাটকের কাজ শেষ করেই টানা আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। ওই নাটক দুটিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি।
এসএসকে/

