Logo

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

উদয়পুরে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ের দিকে নজর ছিল সবার/ ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। উদয়পুরে আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে তেলুগু ও কর্নাটকের কোডাভা—উভয় রীতিনীতিতেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিজয়ের পরিবারের তেলুগু প্রথা অনুযায়ী বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিকেলে রশ্মিকার পরিবারের কোডাভা রীতিতে গাঁটছড়া বাঁধেন এই তারকা যুগল। দুই সংস্কৃতির ঐতিহ্য মেনে সাজানো আয়োজন ছিল আভিজাত্য ও ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।

বিয়ের ছবিতে দেখা যায়, রশ্মিকার পরনে লাল রঙের জমকালো শাড়ি, গা ভরা সোনার গয়না এবং গালে ঐতিহ্যবাহী কালো তিল—যা তাঁদের সম্প্রদায়ের একটি বিশেষ রীতি।

অন্যদিকে বিজয় সাদা ধুতি ও লাল উত্তরীয় পরে পরিপাটি সাজে ধরা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা দেন বিজয়। তিনি লেখেন, একদিন হঠাৎ করেই রশ্মিকাকে ভীষণভাবে মিস করছিলেন। তখনই উপলব্ধি করেন, তাঁর পাশে থাকলেই জীবন আরও সুন্দর হয়ে ওঠে। খাওয়াদাওয়া থেকে শুরু করে জিমে সময় কাটানো—সবকিছুতেই রশ্মিকার উপস্থিতি তাঁকে স্বস্তি ও আনন্দ দেয়।

তিনি আরও লেখেন, ‘আমি বুঝেছি, ওকে আমার দরকার। ও পাশে থাকলে যেখানেই থাকি, মনে হয় যেন ঘরেই আছি। আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকেই স্ত্রী হিসেবে পেয়েছি।’

অন্যদিকে রশ্মিকাও স্বামীকে উদ্দেশ করে দীর্ঘ এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন। পোস্টের শুরুতেই লেখেন, ‘আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার স্বামীকে।’

তাঁদের এই আবেগঘন বার্তা ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ও বার্তা ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর