Logo

বিনোদন

শাকিব খানের পর ‘জিল্লু’ এবার সিয়ামের সঙ্গে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৯:২৮

শাকিব খানের পর ‘জিল্লু’ এবার সিয়ামের সঙ্গে

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। ‘জিল্লু’ চরিত্রে তার উপস্থিতি ছিল তুমুল আলোচিত। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। দর্শকের মুখে তখন একটাই নাম—জিল্লু।

‘বরবাদ’-এর সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় আবারও ফিরছেন নতুন প্রজেক্ট নিয়ে। রিয়েল এনার্জির ব্যানারে নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। অন্ধকার ও ভয়ংকর আবহের এই গল্পে এবার সিয়াম আহমেদের বিপরীতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শ্যাম ভট্টাচার্য।

তবে তিনি ঠিক কোন ভূমিকায় থাকছেন, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। রহস্য রেখে এগোচ্ছে ছবির প্রচারণা।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সাদা একটি ঘর— মেঝেজুড়ে রক্তের ছোপ। মাঝখানে রক্তভর্তি বাথটাব, তাতে নিথর পড়ে থাকা একটি বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, পরনে সাদা স্যুট। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। মৃত বাঘটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে তার চোখে ধরা পড়ে ধ্বংস আর বিষাদের মিশেল। দাঁতে চেপে ধরা একটি গোলাপ যেন পুরো দৃশ্যটিকে আরও রহস্যময় করে তোলে।

সব মিলিয়ে স্পষ্ট— ‘রাক্ষস’ কোনো প্রচলিত ধারার সিনেমা নয়। ভিজ্যুয়াল ভাষাতেই নির্মাতা ইঙ্গিত দিয়েছেন এক তীব্র, সহিংস ও মানসিক দ্বন্দ্বে ভরা কাহিনির।

এই ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় হয়েছে ছবির কিছু অংশের শুটিং। পরিকল্পনা রয়েছে আসন্ন ঈদে ছবিটি মুক্তির।

‘জিল্লু’র পর এবার শ্যাম ভট্টাচার্যের নতুন চমক কতটা আলোড়ন তোলে— সেদিকেই এখন তাকিয়ে দর্শক।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাকিব খান সিয়াম আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর