Logo

বিনোদন

আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, লাইভে আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২১:৩৭

আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, লাইভে আলভী

ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু এবং তাঁকে কেন্দ্র করে ওঠা নানা অভিযোগ ও সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভাঙলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী।

সোমবার (২ মার্চ) নেপাল থেকে ফেসবুক লাইভে এসে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা ‘পরকীয়া’ ও ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগ অস্বীকার করেন।

স্ত্রীকে শেষবার দেখতে কেন দেশে আসেননি—এ প্রসঙ্গে আলভী বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি আসা মাত্রই মব সৃষ্টি হবে, আমাকে ছিঁড়ে ফেলা হবে। আমার ফোনে অসংখ্য হুমকি আসছে। রোববার (১ মার্চ) টিকিট কেটে ইমিগ্রেশন পার হওয়ার পরও আমি অফলোড হয়েছি, কারণ তথ্য ছিল দেশে ঢোকা মাত্রই আমার ওপর হামলা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মারা গেলে আমার ছেলে রিজিকের কী হবে? সে মা হারিয়েছে, এখন কি আপনারা চান সে তার বাবাকেও হারাক?’

অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে আলভী বলেন, ‘তিথির সঙ্গে আমার ভালো বন্ডিং ছিল, কারণ ও কাজের প্রতি ডেডিকেটেড। এর মানে এই নয় যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব। আমি ইকরাকে বারবার বলেছি, আমার ওয়াইফ একটাই এবং সেটা তুমি।’

ফেসবুকে ছড়িয়ে পড়া চ্যাটের স্ক্রিনশটগুলোকে ‘সম্পূর্ণ ফেক’ দাবি করে তিনি বলেন, ইকরার সঙ্গে তাঁর চ্যাট সবসময় ‘বাংলিশে’ হতো, বাংলায় নয়।

ইকরার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করে আলভী বলেন, তাঁদের সম্পর্ক অনেক আগে থেকেই ‘টক্সিক’ ছিল। তবে এর পেছনে তৃতীয় পক্ষের উসকানি ছিল বলে তাঁর দাবি। তিনি বলেন, ‘আমাদের কমন সার্কেলের কিছু মানুষ ওকে প্রতিদিন ট্রিগার করে এই পর্যায়ে নিয়ে এসেছে। নেপালের শুটিং অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। ইউনিটের প্রথা অনুযায়ী সেখানে তিথির জন্মদিন উদযাপন করা হয়েছে। শুধু জন্মদিন পালনের জন্য আমরা নেপাল যাইনি।’

মৃত্যুর আগের মুহূর্তের বর্ণনা দিয়ে আলভী বলেন, ‘ইকরার সঙ্গে আমার শেষ ২২ সেকেন্ড কথা হয়েছিল। ও বলেছিল, “আমারে শেষবারের মতো দেইখা নে, আর জীবনে দেখবি না।” আমি ঘাবড়ে গিয়ে এসিস্ট্যান্টকে ফোন দিই। এরপর ইকরা আবার কল দিলেও আমি ধরতে পারিনি। আমার ছেলে রিজিক দরজায় দাঁড়িয়ে নক করছিল, কিন্তু ও দরজা খোলেনি।’

নিজের বর্তমান মানসিক অবস্থার কথা তুলে ধরে এই অভিনেতা বলেন, ‘ইকরা মারা যাওয়ার পর থেকে আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আইন যা শাস্তি দেবে, মাথা পেতে নেব। কিন্তু প্লিজ, আমাকে রিজিকের থেকে দূরে সরাবেন না। আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই।’

যাহের আলভীর এই আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ইকরার পরিবারের মামলা, অন্যদিকে আলভীর এই আবেগপূর্ণ আরজি—সব মিলিয়ে ঘটনাটি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর