জাহের আলভীর স্ত্রীর মৃত্যু ও নিজের পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন তিথি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২১:৫৬
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। দুই দিন নীরব থাকার পর বুধবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে ইকরার সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।
পোস্টে তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। তিনি লেখেন, শুরুতে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি; প্রয়োজনে প্রশাসনের কাছে উপস্থাপন করবেন— এমনটাই ভেবেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে উত্ত্যক্ত হওয়ায় তিনি প্রকাশ্যে বক্তব্য দিতে বাধ্য হয়েছেন বলে জানান।
তিথির ভাষ্য অনুযায়ী, সদ্য প্রয়াত ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তাদের মধ্যে নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও মানসিক অবসাদ নিয়ে ইকরা বিভিন্ন সময়ে তার সঙ্গে আলোচনা করেছেন বলেও দাবি করেন তিনি।
ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ সরাসরি নাকচ করে তিথি বলেন, কারও সংসার ভাঙার ইচ্ছা তার ছিল না। বরং ইকরা একাধিকবার বিদেশে চলে যাওয়ার কথা বললেও তিনি তাকে স্বামীকে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তার মতে, তাকে আত্মহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
পোস্টে ইকরার পারিবারিক প্রসঙ্গও উল্লেখ করেন তিথি। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা জানিয়েছিলেন। ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার পর পরিবারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার বিষয়েও ইকরা হতাশ ছিলেন বলে উল্লেখ করেন তিনি। তবে এ ক্ষেত্রে তিনি পরিবারের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনেননি।
পোস্টের শেষদিকে তিথি বলেন, তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। একই সঙ্গে ইকরার শান্তি কামনা করে তিনি লেখেন, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন।
এ ঘটনায় শোবিজ অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
এসএসকে/

