ছবি: সংগৃহীত
প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে চলেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
আগামী ৩ জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে দেখানো হবে এই সিনেমাটি। এ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সংবাদ সম্মেলনে তিশা জানান, সিনেমাটির মুক্তির পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এমনকি আমার ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি এসব মাথায় রাখছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক সিনেমাটি পছন্দ করছে।’
এছাড়াও টিভি পর্দায় সিনেমা মুক্তি নিয়ে তিশা বলেন,‘একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলে এবং একই সঙ্গে দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে- এমনটি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। দর্শকের আগ্রহ বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শকরা এই সিনেমাটি দেখতে চায়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এফএটি

