ফজলুর রহমান বাবু ও তানহা খানের কণ্ঠে ‘গোয়ালের মাইয়া’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:০১
জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও উদিয়মান কণ্ঠশিল্পী তানহা খান-এর কণ্ঠে প্রকাশ পেল চমৎকার কথা মালার গান ‘গোয়ালের মাইয়া’। নতুন এই গানটি ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনায় ছিলেন অসংখ্য গানের জনপ্রিয় সংগীত পরিচালক তারিক আল ইসলাম। সুর, কথা ও সংগীত পরিচালনার সমন্বয়ে গানটি পেয়েছে একটি ভিন্নধর্মী আবহ, যা শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গানটি ‘গান কারিগর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী তানহা খান। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে তানহা খান বলেন, তিনি ভালো ভালো গান করার চেষ্টা করে যাচ্ছেন। এই প্রথম জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর সঙ্গে গান করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, গানটি লিখেছেন ও সুর করেছেন তার গুরু শ্রদ্ধেয় প্লাবন কোরেশী এবং তিনি আশা করছেন গানটি সবার ভালো লাগবে।
এ বিষয়ে প্লাবন কোরেশী বলেন, গানটি সবমিলিয়ে দারুণ হয়েছে। ফজলুর রহমান বাবু ও তানহা খান দুজনেই দারুণ গেয়েছেন এবং তিনি আশাবাদী যে গানটি সবার প্রশংসা কুড়াবে।

