পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরীমণি বরাবরই নিজের সোজাসাপ্টা মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন। পর্দার অভিনয়ের চেয়েও ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই আর সাহসী অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি সবসময়ই মুখর। এবার তার দৃষ্টিতে পড়েছেন সেইসব মানুষ, যারা অন্যের জীবনে নীতিবোধ নিয়ে জ্ঞান দিতে পছন্দ করেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে
একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। সেখানে তিনি কারো নাম উল্লেখ না করলেও
আক্রমণটা ছিল বেশ কঠোর। তিনি লিখেছেন, “নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের
জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে
বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।”
অভিনেত্রীর এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে
শুরু হয়েছে নানা জল্পনা। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড
নিয়ে যারা নীতিবিশারদ সেজে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যেই এই পাল্টা জবাব দিয়েছেন
তিনি।
পরীমণির এই পোস্টে ভক্ত ও অনুসারীদের মিশ্র
প্রতিক্রিয়া দেখা গেছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের
জীবনে মানা সত্যিই কঠিন কাজ।” আবার কেউ কেউ তাকে সমর্থন জানিয়ে লিখেছেন, “সবাই অন্যের বিচার করতে ব্যস্ত, অথচ নিজের
আয়নার দিকে তাকায় না।” কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে হাজার হাজার রিঅ্যাকশন এবং কয়েকশ
মন্তব্য জমা পড়েছে।
পরীমণি গত কয়েক বছর ধরে নানা কারণে ব্যক্তিগত
আক্রমণের শিকার হয়েছেন। বিশেষ করে তার বৈবাহিক সম্পর্ক, সন্তান লালন-পালন এবং শখের
জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে একদল মানুষ প্রায়ই নেতিবাচক মন্তব্য করে থাকেন। সম্প্রতি
অন্য এক সেলিব্রেটির একটি ‘কনফেশন’ বা স্বীকারোক্তিমূলক ভিডিওর পর পরীমণিকে জড়িয়ে পরোক্ষ কিছু মন্তব্য
আসছিল, যার প্রেক্ষাপটেই এই স্ট্যাটাস বলে মনে করছেন ঘনিষ্ঠ মহল।
ব্যক্তিগত বিতর্কের বাইরে পরীমণি বর্তমানে
বেশ কিছু বড় প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ওপার বাংলার (কলকাতা) সিনেমাতেও তার
অভিষেক হয়েছে এবং বেশ কিছু ওয়েব সিরিজে তার কাজ প্রশংসিত হয়েছে। কাজের পাশাপাশি দুই
সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে ঘিরেই এখন তার জগত। শত ব্যস্ততা
আর সমালোচনার মধ্যেও তিনি বুঝিয়ে দিলেন, বাইরের মানুষের নীতিবাক্যে তিনি দমে যাওয়ার
পাত্রী নন।
বাংলাদেশের খবর/এম.আর

