জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি নিয়ে টিভি সিরিজে লরা ডার্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
অভিনেত্রী লরা ডার্ন
বিশ্বজুড়ে আলোড়ন তোলা জেফ্রি এপস্টেইন যৌন কেলেঙ্কারি এবং মানবপাচার চক্রের রহস্য উদঘাটনকারী সাংবাদিক জুলিয়া কে ব্রাউনের সাহসী লড়াই এবার পর্দায় আসছে। ‘মিয়ামি হেরাল্ড’-এর এই অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন হলিউডের দাপুটে অভিনেত্রী লরা ডার্ন।
২০২১ সালে প্রকাশিত জুলিয়া কে ব্রাউনের
বই ‘পারভারশন অফ জাস্টিস:
দ্য জেফ্রি এপস্টেইন স্টোরি’-এর ওপর ভিত্তি
করে এই স্ক্রিপ্টেড সিরিজটি নির্মাণ করছে সোনি পিকচার্স টেলিভিশন। এটি এমন এক সাংবাদিকের
গল্প, যিনি সেই সময় এপস্টেইনের পিছু নিয়েছিলেন যখন ক্ষমতাধর এই অপরাধীর বিরুদ্ধে কথা
বলার সাহস কারো ছিল না। জুলিয়ার অক্লান্ত পরিশ্রমের ফলেই এপস্টেইনের অন্তত ৮০ জন ভুক্তভোগীকে
শনাক্ত করা এবং তাদের জবানবন্দি নেওয়া সম্ভব হয়েছিল, যা শেষ পর্যন্ত এপস্টেইন ও তার
সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের গ্রেপ্তারের পথ প্রশস্ত করে।
সিরিজটির নির্বাহী প্রযোজনায় থাকছেন ‘সাকসেশন’ এবং ‘ডোন্ট লুক আপ’ খ্যাত অ্যাডাম ম্যাকে। তার
সাথে প্রযোজক হিসেবে আরও থাকছেন লরা ডার্ন ও স্বয়ং জুলিয়া কে ব্রাউন। চিত্রনাট্য লিখছেন
শ্যারন হফম্যান (মিস আমেরিকা খ্যাত), যিনি আইলিন মেয়ার্সের সাথে শো-রানার হিসেবেও
দায়িত্ব পালন করবেন। জুলিয়া ব্রাউনের ২০১৮ সালের সেই অনুসন্ধানী প্রতিবেদনটি না থাকলে
হয়তো এপস্টেইনের কুকীর্তি আড়ালেই থেকে যেত। তার প্রতিবেদনেই প্রথম ফাঁস হয় যে, কীভাবে
২০০৮ সালে সরকারি কৌঁসুলিদের সাথে একটি গোপন চুক্তির মাধ্যমে পার পেয়ে গিয়েছিলেন এই
ধনকুবের। জুলিয়ার এই প্রতিবেদনের প্রভাবেই তৎকালীন মার্কিন শ্রম সচিব অ্যালেক্স অ্যাকোস্টাকে
পদত্যাগ করতে হয়েছিল।
২০১৯ সালে ফেডারেল কারাগারে বিচারের অপেক্ষায়
থাকা অবস্থায় এপস্টেইনের মৃত্যু হলেও তার সাথে জড়িত ক্ষমতাধর ব্যক্তিদের নাম এখনো বিশ্ব
রাজনীতিতে কম্পন ধরাচ্ছে। সম্প্রতি বৃটেনে প্রিন্স অ্যান্ড্রু (অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর)-এর
গ্রেপ্তার এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টেইনের নথিপত্র প্রকাশের দাবির প্রেক্ষাপটে
এই সিরিজটি নতুন গুরুত্ব বহন করছে।
সনি পিকচার্স জানিয়েছে, সিরিজটির নাম এখনো
চূড়ান্ত হয়নি এবং বর্তমানে এটি ক্রয়ের জন্য বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সাথে
আলোচনা চলছে। লরা ডার্নের মতো শক্তিশালী অভিনেত্রীর অন্তর্ভুক্তি সিরিজটিকে বছরের অন্যতম
প্রতীক্ষিত প্রজেক্টে পরিণত করেছে।
বাংলাদেশের খবর/এম.আর

