Logo

বিনোদন

দেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:২৯

দেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

পবিত্র ঈদুল ফিতরের আমেজ এখনো কাটেনি দেশের প্রেক্ষাগৃহগুলোতে। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে অ্যাকশন-সাইকোলজিক্যাল থ্রিলার রাক্ষস। মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় আর ব্যাপক সাফল্যের পর এবার বিশ্বজয়ে বের হচ্ছে সিনেমাটি।

আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত এই চলচ্চিত্র। উত্তর আমেরিকার বিভিন্ন বড় শহরে সিনেমাটি প্রদর্শন করবে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা গ্যালাক্সি মিডিয়া

প্রতিষ্ঠানের কর্ণধার বদরুদ্দোজা সাগর জানান, তারা সবসময়ই শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদরবারে পৌঁছে দিতে চান। তার মতে, রাক্ষস এমন একটি সিনেমা যা প্রবাসী বাঙালিদের পাশাপাশি ভিন্ন ভাষার দর্শকদেরও নাড়িয়ে দেবে।

শুরুতে পাইরেসি ঠেকানোর কৌশল হিসেবে সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হয়েছিল। তবে সাধারণ দর্শকদের তীব্র চাহিদা এবং হল মালিকদের অনুরোধে অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন প্রযোজকরা। শুক্রবার থেকে দেশের প্রায় ৩০টি বড় সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাচ্ছে রাক্ষস

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, দর্শকরা বলছিলেন রাক্ষস না দেখলে তাদের ঈদ শুরুই হচ্ছে না। হল মালিকদের কাছ থেকেও আমরা দারুণ সাড়া পাচ্ছি। প্রথম পর্যায়ে ৩০টি হলে দিলেও খুব দ্রুতই হলের সংখ্যা আরও বাড়ানো হবে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ব্লকবাস্টার হিট বরবাদ। নির্মাতা জানিয়েছেন, রাক্ষস মূলত সেই বরবাদ সিনেমারই একটি সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ। ফলে দর্শকদের মধ্যে বাড়তি একধরণের উত্তেজনা কাজ করছে। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মুম্বাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে। প্রযোজক আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি জানান, মানুষের ভেতরের অন্ধকার দিক এবং প্রতিশোধের গল্পকে অত্যন্ত আধুনিক ভিজ্যুয়াল ও সাসপেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন জয়ের পর এখন দেখার বিষয়, বিদেশের মাটিতে সিয়াম আহমেদের এই রাক্ষস’ অবতার কতটা ব্যবসা সফল হতে পারে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন