Logo

বিনোদন

৩ কোটি পেরিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

৩ কোটি পেরিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

বনলতা এক্সপ্রেস

ঈদুল ফিতরের সিনেমা বাজারে রাজত্ব করছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম প্রদর্শনী বা শো পেলেও, দর্শকদের ইতিবাচক মন্তব্যে (মাউথ পাবলিসিটি) দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির গতি এখন অপ্রতিরোধ্য। মাত্র ১১ দিনে ৩ কোটির ক্লাবে প্রবেশ করা এই চলচ্চিত্রটি এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দাপট দেখাতে প্রস্তুত।

প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ’ ও হইচই স্টুডিওস’ সূত্রে জানা গেছে, সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে অভাবনীয় সাড়া পেয়েছে। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে প্রথম চার দিনেই প্রায় ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছিল। বর্তমানে সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্সে শো সংখ্যা কয়েকগুণ বাড়ানো হলেও অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

দেশীয় সাফল্যের রেশ ধরে আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে বনলতা এক্সপ্রেস’। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি নামী চেইন থিয়েটারে (এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স) সিনেমাটি প্রদর্শিত হবে। এর আগে পরিচালকের উৎসব’ সিনেমাটি যে রেকর্ড গড়েছিল, এবারের বনলতা এক্সপ্রেস’ তাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমাটি মূলত একটি ট্রেনযাত্রার গল্প। কুয়াশাচ্ছন্ন শীতের এক রাতে ট্রেনের কামরায় অচেনা কিছু মানুষের জীবনের গোপন দুঃখ, নৈতিক অবক্ষয় এবং মানবিক বোধের সংঘাতকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনী। সিনেমাটির অন্যতম শক্তির জায়গা এর বিশাল কাস্টিং। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম (রাশিদ উদ্দিন চরিত্রে), চঞ্চল চৌধুরী (শিক্ষামন্ত্রী এ কে কে চরিত্রে), আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম ও শ্যামল মওলাসহ একঝাঁক তারকা।

সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর বলেন, দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি তা সত্যিই অভাবনীয়। পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে মানুষ সিনেমাটি দেখছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবার বিদেশের দর্শকদের দেখানোর পালা। আশা করছি বিশ্বজুড়ে থাকা বাঙালিরা এই ট্রেনযাত্রার আবেগে শামিল হবেন।”

অ্যাকশন বা কমার্শিয়াল ফর্মুলার বাইরে গিয়ে একটি ধীরস্থির গল্পের সিনেমা যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তা ঢালিউডের জন্য এক ইতিবাচক বার্তা বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন