Logo

বিনোদন

মিলান ফ্যাশন উইকে নজর কেড়েছে প্রিয়তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২১:১৯

মিলান ফ্যাশন উইকে নজর কেড়েছে প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি

আন্তর্জাতিক ফ্যাশন জগতের অন্যতম প্রধান আকর্ষণ মিলান ফ্যাশন উইক’। প্যারিস, লন্ডন ও নিউ ইয়র্কের পাশাপাশি এই আসরটিকেই ধরা হয় ফ্যাশন দুনিয়ার বিগ ফোর’-এর একটি। আর সেখানেই লাল-সবুজের প্রতিনিধিত্ব করলেন আলোচিত মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। ইউরোপের নামী সব ডিজাইনারদের পোশাকে মিলানের র‍্যাম্পে তাঁর উপস্থিতি নজর কেড়েছে বিশ্ব মিডিয়ার।

আয়ারল্যান্ড প্রবাসী এই বাংলাদেশি মডেল এবার মিলান ফ্যাশন উইকে বেশ কয়েকজন আন্তর্জাতিক ডিজাইনারের হয়ে র‍্যাম্পে হাঁটেন। ফ্যাশন উইকের মূল ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে তাঁর আত্মবিশ্বাসী হাঁটা এবং স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হয়েছে। প্রিয়তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর রানওয়ের ছবি ও ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আয়ারল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় মিস আয়ারল্যান্ড’ খেতাব জয়ের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করছেন প্রিয়তি। তবে মিলান ফ্যাশন উইকে সুযোগ পাওয়াকে তিনি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন। প্রিয়তি বলেন, বিশ্বের সেরা সব মডেল ও ডিজাইনারদের সাথে এই মঞ্চে কাজ করা স্বপ্নের মতো। এটি কেবল আমার একার অর্জন নয়, বিশ্ব ফ্যাশন মানচিত্রে বাংলাদেশের নাম আরও একবার উজ্জ্বল হলো।”

বর্তমানে ফ্যাশন বিশ্বে বৈচিত্র্য বা 'ডাইভারসিটি' নিয়ে কাজ করার প্রবণতা বেড়েছে। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন মডেল হিসেবে প্রিয়তি যেভাবে ইউরোপের মূলধারার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে জয় করছেন, তা তরুণ প্রজন্মের মডেলদের জন্য অনুপ্রেরণা। মিলানে তাঁর এই অংশগ্রহণ প্রমাণ করে যে, মেধা ও অধ্যবসায় থাকলে ভৌগোলিক সীমানা পেরিয়ে বৈশ্বিক মঞ্চ জয় করা সম্ভব। মিলান ফ্যাশন উইক শেষ করে প্রিয়তি আবারও আয়ারল্যান্ডে ফিরেছেন। তাঁর হাতে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের কাজ এবং চলচ্চিত্রের প্রস্তাব। উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি প্রিয়তি একজন পেশাদার পাইলট এবং লেখালেখির সাথেও যুক্ত।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন