ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। পর্দায় সবাইকে হাসালেও তার বাস্তব জীবনের এক সময় ছিল অত্যন্ত বিষাদময়। সম্প্রতি ফারাহ খানের সঙ্গে এক আলাপচারিতায় নিজের সেই কঠিন দিনগুলো এবং জেলজীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
রাজপাল যাদব জানান, এক সময় তার মাথায় নয় কোটি টাকার ঋণের বোঝা চেপেছিল। চারদিকে অন্ধকার দেখছিলেন তিনি। ভেবেছিলেন ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। উপায় না দেখে শেষ পর্যন্ত তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি। ঋণের দায়ে তাকে ১২ দিন জেল খাটতে হয়েছিল।
ফারাহ খান জানতে চেয়েছিলেন, জেলে তাকে কোনো কঠোর পরিশ্রম করতে হয়েছে কি না। রাজপাল জানান, সেখানে কোনো পাখা ছিল না এবং জীবন ছিল কঠিন নিয়মে বাঁধা। তবে তাকে দিয়ে কোনো কায়িক শ্রম করানো হয়নি। রাজপালের ভাষায়, সেখানে অনেক অসুবিধা ছিল, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। এখন আমি যেকোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারব। জেলে আমি ভদ্রভাবেই থাকার চেষ্টা করেছিল। এ ছাড়া কোনো উপায় ছিল না।
নিঃস্ব হয়ে যাওয়ার সেই সময়ে রাজপাল বুঝতে পেরেছিলেন কারা তার প্রকৃত বন্ধু। তিনি জানান, সেই বিপদের দিনে সোনু সুদ, সালমান খান ও পরিচালক প্রিয়দর্শনের মতো তারকারা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের সেই সমর্থনের কথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন অভিনেতা।
জেলে কাটানো দিনগুলোর কথা মনে পড়লে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন রাজপাল। তবে সেই তিক্ত অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরো শক্তিশালী করেছে। বর্তমানে তিনি আবার কাজে ফিরেছেন এবং ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করছেন।
বাংলাদেশের খবর/আরইউ

