ফোবি গেটস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের কন্যা ফোবি গেটস একজন কন্টেন্ট ক্রিয়েটরের পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। মাত্র ২৫০ ডলার (প্রায় ৩০ হাজার টাকা) দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের স্টার্টআপকে 'দরিদ্র' হিসেবে তুলে ধরায় ইন্টারনেটে বইছে নিন্দার ঝড়।
২৩ বছর বয়সী ফোবি গেটস বর্তমানে তার নিজস্ব
এআই শপিং টুল ‘ফিয়া’ -এর প্রচারণার
জন্য কন্টেন্ট ক্রিয়েটর খুঁজছিলেন। এরই অংশ হিসেবে তিনি মডেল ও লাইফস্টাইল ক্রিয়েটর
কেসি মার্গিসের সাথে যোগাযোগ করেন। কেসি সোশ্যাল মিডিয়ায় ফোবির পাঠানো একটি মেসেজের
স্ক্রিনশট শেয়ার করলে এই বিতর্কের সৃষ্টি হয়।
স্ক্রিনশটে দেখা যায়, ফোবি ওই ক্রিয়েটরকে
লিখেছেন, “আমাদের এটি একটি
নতুন স্টার্টআপ, তাই বাজেট খুবই সীমিত। আপনি যদি আগ্রহী হন তবে আপনার রেট পাঠাতে পারেন।”
কেসি মার্গিস ক্ষোভ প্রকাশ করে জানান,
‘কোলাবস্টার’ নামক
প্ল্যাটফর্মে তার পারিশ্রমিক (২৫০ ডলার) স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও ফোবি সরাসরি
মেসেজ পাঠিয়ে আরও কম টাকায় কাজ করানোর চেষ্টা করেছেন। কেসি তার পোস্টে লেখেন, “যখন একজন বিলিয়নেয়ারের মেয়ে বাজেট ‘খুবই সীমিত’ এবং তার কোম্পানিকে ‘স্ক্র্যাপ্পি স্টার্টআপ’ বলে নির্ধারিত
হারের চেয়ে কম টাকা দিতে চায়, তখন সেটা হাস্যকর।”
এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ
মাধ্যমে ফোবি গেটসকে নিয়ে ট্রল ও সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “একজন বিলিয়নেয়ারের সন্তান হয়েও মাত্র ২৫০
ডলার দিতে না চাওয়াটা অবিশ্বাস্য।” অন্য একজন অভিযোগ করেছেন যে, ফোবি শুধু ক্রিয়েটরদের
কম টাকা দেন না, বরং অন্য স্টার্টআপের আইডিয়া চুরি করার ইতিহাসও তার রয়েছে। এই ঘটনাটি
ইন্টারনেটে ধনকুবেরদের প্রিভিলেজ বা বিশেষ সুবিধা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নেটিজেনদের মতে, বিশাল অংকের সম্পদের মালিক হয়েও সাধারণ কর্মীদের পারিশ্রমিক নিয়ে এই
ধরনের দর কষাকষি তাদের ‘শোষণমূলক’ মানসিকতারই বহিঃপ্রকাশ।ফোবি গেটস বা তার প্রতিষ্ঠানের পক্ষ
থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের খবর/এম.আর

