Logo

বিনোদন

অল্লু অর্জুনের জন্মদিনে ভক্তদের ঢল সামলাতে লাঠিচার্জ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:১৬

অল্লু অর্জুনের জন্মদিনে ভক্তদের ঢল সামলাতে লাঠিচার্জ

অল্লু অর্জুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুনের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে হায়দ্রাবাদে তার বাসভবনের সামনে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। প্রিয় তারকাকে একনজর দেখতে আসা হাজার হাজার ভক্তের উন্মাদনা সামলাতে পুলিশকে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়।

গত মঙ্গলবার রাত থেকেই হায়দ্রাবাদে অল্লু অর্জুনের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন ভক্তরা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজি ও উল্লাস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় এতোটাই বেড়ে যায় যে তা নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড দেওয়া হলেও ভক্তরা তা ভেঙে অভিনেতার বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন। অসহনীয় ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হওয়ায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অল্লু অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তা দল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সুপারস্টারদের জন্মদিন বা সিনেমার প্রচারের সময় এই ধরনের বিশৃঙ্খলা হায়দ্রাবাদে নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালে পুষ্পা ২: দ্য রুল’-এর একটি প্রদর্শনীতে অল্লু অর্জুনকে দেখতে এসে পদদলিত হওয়ার ঘটনায় এক নারী প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার পর এবারের জন্মদিনে বাড়তি সতর্কতা নেওয়া হলেও ভক্তদের ঢল সামলানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

অল্লু অর্জুনের অগণিত ভক্ত এদিন তাদের প্রিয় পুষ্পা’ তারকার সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করেন এবং শহরের বিভিন্ন স্থানে সমাজসেবামূলক কাজ করেন। তবে বাড়ির সামনের এই হট্টগোল আবারও প্রমাণ করল দক্ষিণ ভারতে অল্লু অর্জুনের জনপ্রিয়তার ব্যাপ্তি কতটা বিশাল।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন