Logo

বিনোদন

বৈশাখে আসছে প্রীতম-জেফারের নতুন চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৫

বৈশাখে আসছে প্রীতম-জেফারের নতুন চমক

সংগীতের মঞ্চ কাঁপানো প্রীতম হাসান ও জেফার রহমান এবার ধরা দেবেন বড় পর্দায়। তবে সহশিল্পী হিসেবে নয়, রীতিমতো নায়ক-নায়িকা হিসেবে। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় তুমি আমি শুধু ওয়েব ফিল্মের মাধ্যমে এই প্রথম জুটি বাঁধলেন তাঁরা। আসছে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে বিশেষ এই চলচ্চিত্রটি।

প্রায় এক বছর আগেই এই ফিল্মটির কাজ সম্পন্ন হয়েছিল। তবে কারিগরি কিছু জটিলতা ও পোস্ট-প্রোডাকশন কাজের জন্য এতদিন আলোর মুখ দেখেনি। সম্প্রতি ছবিটির টিজার এবং  বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বিঞ্জ কর্তৃপক্ষ।

নির্মাতা শিহাব শাহীন নিজেই এই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তিনি জানান, তুমি আমি শুধু মূলত একটি আধুনিক মেয়ের স্বাধীন ইচ্ছাশক্তি ও ব্যক্তিগত সংগ্রামের গল্প। যে মেয়েটি তাঁর জীবনকে নিজের শর্তে সাজাতে চায় এবং কোনো বাধাকেই পরোয়া করে না। তাঁর এই স্বাধীনচেতা স্বভাব যখন সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয় এবং জীবনে নানা জটিলতা নিয়ে আসে, তখনই শুরু হয় আসল টানাপোড়েন। এটি সমসাময়িক এক জোড়া মানুষের ভিন্নধর্মী প্রেমের অনুভূতি দর্শকদের সামনে তুলে ধরবে। অভিনয় জগতে প্রীতম ও জেফার একেবারে নতুন নন। এর আগে প্রীতম হাসান শিহাব শাহীনের নির্দেশনায় কাছের মানুষ দূরে থুইয়া এবং ক্যাকটাস সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অন্যদিকে, জেফার রহমানকে দেখা গেছে হিট সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন ২-এ। তবে জুটি হিসেবে এটিই তাঁদের প্রথম কাজ। সংগীতের পর অভিনয়ের এই রসায়ন ভক্তদের মনে কতটা জায়গা করে নেয়, তা নিয়ে এখন চলছে জোর চর্চা।

প্রীতম-জেফার ছাড়াও এই ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টু। পহেলা বৈশাখের ছুটির আমেজে নতুন ধরনের এই ভালোবাসার গল্পটি দর্শকদের জন্য দারুণ এক উপহার হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন