অভিমান ভুলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটের মাঠে নুসরাত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৭
নুসরাত জাহান
টালিউড গ্ল্যামার আর রাজনীতির ময়দান—দুই জায়গাতেই সমান আলোচিত নাম নুসরাত জাহান। দীর্ঘদিনের গুঞ্জন, দলের সঙ্গে দূরত্ব আর মান-অভিমান ছাপিয়ে আবারও তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন এই তারকা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের দ্বিতীয় দফার ‘স্টার ক্যাম্পেইনার’ বা তারকা প্রচারকদের তালিকায় নুসরাত জাহানের নাম বিশেষভাবে নজর কেড়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র
থেকে টিকিট না পাওয়ায় নুসরাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি সন্দেশখালি
ইস্যুসহ বিভিন্ন সময়ে তাঁর ‘অনুপস্থিতি’ নিয়ে দলের অন্দরেও
সমালোচনা হয়েছিল। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতের বিভিন্ন রহস্যময় পোস্ট রাজনৈতিক
মহলে তাঁর দলত্যাগের জল্পনা উসকে দিয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দলের দ্বিতীয়
দফার ৩০ জন তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে
তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া অধ্যুষিত
এলাকা এবং সংখ্যালঘু ভোটারদের ওপর নুসরাতের জনপ্রিয়তা এখনও অটুট। বিশেষ করে নারী ভোটারদের
সঙ্গে তাঁর সহজ সংযোগ স্থাপনের ক্ষমতাকে বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চায় জোড়াফুল
শিবির। দলে দেব, সায়নী ঘোষ বা রাজ চক্রবর্তীদের মতো তারকারা থাকলেও নুসরাতের গ্ল্যামার
ও বাগ্মিতা প্রচারের মাঠে আলাদা মাত্রা যোগ করে।
নুসরাত ছাড়াও তৃণমূলের এই দ্বিতীয় তালিকায়
রয়েছেন টলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। দলের পুরোনো সৈনিক দেব, শতাব্দী রায় ও রাজ চক্রবর্তীর
পাশাপাশি প্রচারের দায়িত্ব সামলাবেন সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া এবং নতুন
প্রজন্মের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা রায়।
রাজনৈতিক মহলের মতে, টিকিট না পাওয়ার ‘অভিমান’ ভুলে নুসরাতের
এই ফিরে আসা মূলত দলের প্রতি তাঁর আনুগত্যেরই প্রমাণ। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে,
সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে জনপ্রিয়
মুখদের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই নুসরাতকে পুনরায় সামনের সারিতে আনা হয়েছে। সব বিতর্ক
আর ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে ভোটের ময়দানে নুসরাতের এই ‘সেকেন্ড ইনিংস’ কতটা ফলপ্রসূ
হয়, এখন সেটিই দেখার বিষয়।
বাংলাদেশের খবর/এম.আর

