রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। মাত্র ১৮ দিনেই ১০০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়ার পথে সিনেমাটি। অথচ রণবীরের এই আকাশচুম্বী সাফল্যে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বা অভিনন্দন বার্তা না দেখে বলিপাড়ায় শুরু হয়েছিল নানা কানাঘুষা। অবশেষে সেই নীরবতা ভেঙে ট্রলকারীদের মোক্ষম জবাব দিলেন দীপিকা।
সম্প্রতি একটি পোস্টে অভিযোগ করা হয় যে,
দীপিকা ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটিকে ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ দিচ্ছেন। এমনকি
প্রিমিয়ার শো বাদ দিয়ে তিনি শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে সেতার কনসার্টে যাওয়ায় নেটিজেনদের
একাংশ দাবি করেন—পরিচালকের সঙ্গে হয়তো তাঁর কোনো বিরোধ
চলছে। এই জল্পনার পিঠে দীপিকা সরাসরি মন্তব্য করে লিখেন, “আমি কেবল ইন্টারনেটের
এই নাটকগুলো এড়িয়ে চলছিলাম বন্ধু। পুনশ্চ: আপনাদের সবার আগে আমি সিনেমাটি দেখেছি। তো
এখন আসল মজাটা কে পেল?”
বক্স অফিসের হিসাব অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ পুষ্পা ২-এর
পর দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে ভারতে ১০০০ কোটি রুপির ঘর ছুঁতে যাচ্ছে। মাত্র ১১
দিনেই এটি প্রথম পার্টের আজীবন আয়কে ছাড়িয়ে গেছে। প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা
ঘটা করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালালেও এবার তিনি অনেকটা অন্তরালেই ছিলেন। তবে পোস্ট
না দিলেও রণবীর ও তাঁর বাবা জগজিৎ সিং ভবনানির সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন ক্যাফেতে নিয়মিতই
দেখা গেছে তাঁকে।
‘ধুরন্ধর ১’ মুক্তির সময়
দীপিকা লিখেছিলেন, “সিনেমাটি দেখার মতো এবং প্রতিটি মিনিট
উপভোগ্য। রণবীর, তোমার জন্য আমি গর্বিত।” এবার দীপিকা প্রকাশ্যে কিছু না বলায় ভক্তরা
কিছুটা অবাক হলেও, তাঁর সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিল যে—সোশ্যাল মিডিয়ায়
পোস্ট না করার অর্থ এই নয় যে তিনি রণবীরের সাফল্য উপভোগ করছেন না। রণবীর-দীপিকার ব্যক্তিগত
রসায়ন যে আগের মতোই অটুট, দীপিকার এই এক মন্তব্যেই তা আবারও প্রমাণিত হলো।
বাংলাদেশের খবর/এম.আর

